পাথরঘাটায় ২ কেজি ৯০০ গ্রামের ‘রাজা ইলিশ’ ১৭ হাজার টাকায় বিক্রি
- আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ‘রাজা ইলিশ’ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিলামের মাধ্যমে এই বিরল আকৃতির মাছটি বিক্রি করা হয়। গত দুই বছরের মধ্যে এই ঘাটে আসা এটিই সবচেয়ে বড় ইলিশ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন। রাতে তার জালে এই বিশাল আকৃতির রাজা ইলিশটি ধরা পড়ে। পরদিন সকালে মাছটি বিক্রির জন্য পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসা হয়। সেখানে ডাকের মাধ্যমে মৎস্য আড়তদার ‘নিউ আলামিন ফিশের’ মালিক মো. টিপু খান ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন।
আড়তদার টিপু খান জানান, ২ কেজি ৯০০ গ্রাম ওজনের এই ইলিশটির প্রতি মণের দাম পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা। তিনি আশা করছেন, মাছটি আরও বেশি দামে বিক্রির জন্য সুবিধাজনক কোনো বড় বাজারে পাঠানো হবে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, গত দুই বছরের মধ্যে পাথরঘাটা ঘাটে এত বড় সাইজের কোনো ইলিশ দেখা যায়নি। ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া এই রাজা ইলিশটিই গত দুই বছরের মধ্যে এই ঘাটের সবচেয়ে বড় ও সেরা মাছ হিসেবে রেকর্ড গড়ল।
এদিকে বিশাল আকৃতির এই ইলিশটি ঘাটে আসার পর তা দেখার জন্য স্থানীয় উৎসুক মানুষ ও ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে যায়। দীর্ঘদিন পর এত বড় ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।



























