বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে নতুন পৌর শহর গড়ার অঙ্গীকার
- আপডেট সময় : ০২:৪৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই অঙ্গীকারকে সামনে রেখে পরিচ্ছন্ন ও বাসযোগ্য একটি নতুন পৌর শহর গড়ার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাকেরগঞ্জ পৌর প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।
বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাকেরগঞ্জবাসীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। তবে শুধুমাত্র পরিষ্কার করাই শেষ কথা নয়, পৌরবাসীকে এই পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিতে হবে। যত্রতত্র প্লাস্টিক বোতল, পলিথিন কিংবা চিপসের প্যাকেট ফেলা বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দেখে অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে আসবে।
উদ্বোধনের পরপরই বিডি ক্লিনের শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী এবং প্রশাসনের সদস্যরা অভিযানে অংশ নেন। তারা বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের দুই পাশে ও ডোবায় দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক বর্জ্য ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান, গত এক সপ্তাহ ধরেই বাকেরগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আগামী দিনে বাকেরগঞ্জকে পুরোপুরি প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন করতে এই ধারাবাহিকতা বজায় রাখা হবে। বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান জানান, বাকেরগঞ্জকে পরিচ্ছন্ন রূপ দিতে বরিশাল ও বাকেরগঞ্জ টিমের যৌথ সমন্বয়ে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রুজ্যোতি বড়াল, পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুল হুদা সুমনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


























