সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ড. নুরুল ইসলাম
- আপডেট সময় : ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে সিলেট মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুলকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক সমাবেশে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সিলেট মহানগরীর থানা মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত ‘শিক্ষা শিবির’ অনুষ্ঠানে ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে নগরীর সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেট সিটিকে ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। সমাবেশ থেকেই সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় দ্রুত সাংগঠনিক গণসংযোগ জোরদার করার প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়।





























