ঝালকাঠিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার মো. হারুন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেই দেলোয়ার নিজের খেতে ধানের চারা রোপণের কাজ করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে জমিতেই গড়িয়ে পড়েন। বৃষ্টি থামলে আশপাশের খেতের অন্যান্য চাষিরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


























