নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ০৩:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
আলোচনা সভায় নোয়াখালী জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়। এদিকে, একই দিন সকালে নোয়াখালী পৌর বিএনপি নেতা আবদুল করিম মুক্তার নেতৃত্বে আরেকটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়, যা মাইজদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





























