নতুন মৌলিক গানের এ্যালবাম নিয়ে আশাবাদী ঝিনাইদহের শিল্পী মিটুল
- আপডেট সময় : ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের সংগীত অঙ্গনের পরিচিত মুখ ও উদীয়মান তরুণ শিল্পী আরিফুল ইসলাম মিটুল এবার নতুন মৌলিক গানের এ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। সংগীত জগতের এই নতুন পথচলা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই শিল্পী। তিনি মনে করেন, গান হলো হৃদয়গত সাধনার ফসল এবং তার এই নতুন মৌলিক গানের সুর শ্রোতাদের আসরকে মাতিয়ে তুলবে।
শিল্পীর নতুন এই এ্যালবামটির শিরোনাম দেওয়া হয়েছে 'বন্ধু তুমি শোনো'। অডিও ও ভিডিওসহ প্রকাশিতব্য এ্যালবামটি নিয়ে দারুণ আশাবাদী মিটুল। তিনি বিশ্বাস করেন, গানগুলো প্রকাশের পর শ্রোতাপ্রিয় এবং দর্শকনন্দিত হবে।
বিত্তহীন পরিবারে বেড়ে ওঠা মিটুল ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগী ছিলেন। নিজের একান্ত প্রচেষ্টায় তিনি গানের তালিম গ্রহণ করেছেন। তার এই এ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত শিল্পী মিটুলের পরিবার। ঝিনাইদহ শহরের অদূরে উদয়পুর গ্রামের বাসিন্দা তার কৃষক পিতা রবিউল ইসলাম ও গৃহিণী মাতা আলেয়া বেগম শ্রোতা-দর্শকদের তাদের সন্তানের গান শোনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।




























