সিলেটে হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা ১২৫
- আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন। এ নিয়ে বিভাগটিতে হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে। রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন বর্ণা রাণী (১৮), শিশু মো. এহসানুল এবং আয়ান। এর মধ্যে এহসানুলের বয়স ৩ বছর ৪ মাস এবং আয়ানের বয়স ৮ মাস। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে পরীক্ষায় নতুন করে ১৮ জন রোগী শনাক্ত হয়েছেন এবং এই সময়ের মধ্যে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত এই বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে, বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।




























