পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিলেন সাবেক মেয়র আইভী

- আপডেট সময় : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় তিনি আদালতে উপস্থিত হন। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা ওই মামলায় তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানান।
আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছেন, আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। এই আদেশের ফলে চার্জশিট দাখিল এবং মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর না হওয়া পর্যন্ত আইভীর পরিবর্তে তার আইনজীবী আদালতে হাজির থাকতে পারবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় তাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি নির্দোষ হয়েও অপরাধী। তিনি আরও বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু আজ আমাকেই অপরাধী করা হয়েছে। সবকিছুর বিচার আল্লাহ করবেন এবং নারায়ণগঞ্জের মানুষ সব দেখছে। উল্লেখ্য, নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছিল।



























