বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস এমপির
- আপডেট সময় : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র হাবলুহাট পাড়ায় বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মৃত যতিন্দ্র মাস্টারের বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। যতিন্দ্র মাস্টার হাবলুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবারটি তার স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছিল।
পরিবারের স্বজনরা জানান, এনজিও থেকে উত্তোলন করা ঋণের নগদ টাকাও এই আগুনে পুড়ে গেছে, যা পরিবারটিকে চরম অসহায়ত্বের মুখে ঠেলে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারটিকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে তিনি পরিবারটির জন্য দ্রুত একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এমপি মনজুরুল ইসলাম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে নির্দেশ দেন এবং সব সময় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনকালে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু এবং ইউপি সদস্য গোবিন্দ মোহন রায় উপস্থিত ছিলেন।




























