১৩ দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর মহানগর অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ
- আপডেট সময় : ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

্১৩ দফা দাবি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার ভাড়া বৃদ্ধি, সিটি করপোরেশনের অর্থায়নে চালকদের প্রশিক্ষণের পর লাইসেন্স প্রদান বিষয়ে মানববন্ধন করেছে রংপুর মহানগর অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
(২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে নগরীর কাচারী বাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন রংপুর মহানগর অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মানববন্ধনে সিটি করপোরেশনের অর্থায়নে চালকদের প্রশিক্ষণের পর লাইসেন্স প্রদান, যানজট নিরসনের লক্ষ্যে আলাদা লেনের ব্যবস্থা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে অটোরিকশার পার্কিং ব্যবস্থা, মামলায় জরিমানা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করাসহ ১৩ দফার দাবি জানান রংপুর মহানগর অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মমিন মিয়া ও সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
১৩ দফা দাবিগুলো হচ্ছে,
১। শ্রমিকদের জন্য রংপুরে কর্মসংস্থান তৈরি করা।
২। অটোরিকশা ও ভ্যানের মামলার জরিমানা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা।
৩। চালকদের সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান করা।
৪। চালক-শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার বন্ধ ও নিরাপত্তা জোরদার করা।
৫। প্রধান সড়কের যানজট নিরসনে আলাদা বামলেন তৈরি করা।
৬। আইন-শৃঙ্খলার মিটিংয়ে শ্রমিকদের স্বার্থে অত্র সংগঠনের নেতাদের কথা বলার সুযোগ দেয়া।
৭। অটোরিকশা চুরি, ছিনতাইকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা।
৮। অটোরিকশা চলাচলের জন্য বাম লেন অবমুক্ত করা।
৯। সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে যানজট নিরসন কর্মী নিয়োগ দেয়া।
১০। মহানগরের ভিতরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যতীত অন্য সকল বাসস্ট্যান্ড সরিয়ে নেয়া।
১১। অবিলম্বে অসহায় শ্রমিকদের ফ্রি চিকিৎসার জন্য শ্রমিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা।
১২। ট্রাফিক বিভাগ ও সকল সংগঠনের যৌথ উদ্যোগে যানজট নিরসন ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে সাব কমিটি গঠন করা।
১৩। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে ভাড়া বৃদ্ধি করে শহরের বিশেষ বিশেষ স্থানে ভাড়া তালিকা ও পার্কিং ব্যবস্থা করা।





























