সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির
- আপডেট সময় : ০৯:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে দেশটির নাগরিকদের জন্য কঠোর ভ্রমণ সতর্কতা জারি করেছে ইতালি। গতকাল বৃহস্পতিবার হালনাগাদ করা এই নির্দেশনায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে সব ধরনের ভ্রমণ পিছিয়ে দিতে বলেছে। একই সঙ্গে দেশটির ভূখণ্ডে অবস্থিত বিমানবন্দরগুলো এড়িয়ে চলার জন্য নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবের ভেতরে বা দেশটির সীমান্ত পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হলে আকাশপথের বিকল্প পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে। যারা ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের সব ধরনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে অবস্থানরতদের নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর কাছাকাছি না যাওয়ার জন্য নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং সামরিক তৎপরতা রয়েছে এমন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণের বিরুদ্ধেও কঠোর সতর্কতা দিয়েছে ইতালি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যাতায়াত না করার জন্য নাগরিকদের প্রতি কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।



























