এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে গুজব, সতর্ক করল শিক্ষা বোর্ড
- আপডেট সময় : ১০:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই বলে কমিটি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি এবং নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
কমিটি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফলাফলসংক্রান্ত কোনো তথ্য যাচাই-বাছাই না করে যেন বিশ্বাস বা শেয়ার না করা হয়। একই সঙ্গে, এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।





























