ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ৩২
- আপডেট সময় : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভয়াবহ এই হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া এই ঘটনায় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই সামরিক অভিযানকে অন্যতম ‘বর্বর হামলা’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে একটি পাঁচতলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ২২ জন নিহত হন। এর বাইরে রাজধানী কিয়েভসহ দেশের অন্যান্য শহরে আরও অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রাতভর চলা এই হামলায় রাশিয়া অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তাদের এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক কারখানা ও অস্ত্রাগার। তবে ইউক্রেনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, রুশ হামলায় আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন।





























