ভাঙ্গুড়ায় আবাদি জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০৯:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামে আবাদি জমি নিয়ে বিরোধের জের ধরে মোছা. নারগিস পারভীন (৪২) নামের এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী নিজেই জানিয়েছেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত পলান মোল্লার ছেলে আয়নাল মোল্লা (৪৫), তার স্ত্রী রোজিনা খাতুন (৪২) এবং তাদের দুই ছেলে হৃদয় (২৫) ও রিয়াদ (১৮)।
নারগিস পারভীনের অভিযোগ অনুযায়ী, তার ও তার মায়ের মালিকানাধীন আবাদি জমি অভিযুক্তরা জোরপূর্বক চাষাবাদ করছিলেন। ঘটনার দিন তিনি জমি ছেড়ে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র কাঁচি দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম জানান, তিনি ঘটনার বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























