জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ জুলাই ও আগস্ট সময়ে বাংলাদেশ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গত রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছিল, যা সেই সময়ের বিনিময় হার অনুযায়ী ৮ হাজার ১৩১ কোটি টাকার সমান ছিল। সেই হিসাবে, বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে।
জুলাই-আগস্ট সময়ে পরিশোধিত মোট ঋণের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া, সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।





























