ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: জাতিসংঘের মহাসচিব
- আপডেট সময় : ০৬:৪৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ০৫ (26 September 2026, 05:05)
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি নিজের এই মূল্যায়নের কথা প্রকাশ করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।
বৈঠকে জাতিসংঘের মহাসচিবের এই মূল্যায়নের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওঠা সব ধরনের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন দাবি সম্পূর্ণ বানোয়াট এবং এটি একটি ভুল ধারণা মাত্র।
ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকে জোর দিয়ে বলেন যে ইরানের মূল লক্ষ্য হলো শান্তিপূর্ণ পারমাণবিক জ্ঞান ও প্রযুক্তি অর্জন করা এবং এর সুফল ভোগ করা। পারমাণবিক অস্ত্র তৈরি করা তাদের লক্ষ্য নয়।
কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশ কখনোই কূটনৈতিক আলোচনা থেকে সরে যায়নি। তবে বারবার কূটনীতির ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের এখন আর কোনো আস্থা অবশিষ্ট নেই।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, তার আসন্ন মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি ওই অঞ্চলের দেশগুলোকে কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানাবেন।




























