ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান: ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অন্তর্গত গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়, যা সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহল দলটি সেখানে অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—ভোলাহাট থানার রাধানগর গ্রামের (ডাকঘর: বজরারটেক) মৃত সাইদুর রহমানের দুই ছেলে মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮)। বিজিবি তাদের তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫,৫০০ টাকা উদ্ধার করে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান ও মাদক দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























