জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাত, বিদ্যুৎহীন ৫০ হাজার পরিবার
- আপডেট সময় : ১২:১৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

জাপানের রাজধানী টোকিওতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দুর্যোগের আশঙ্কায় সোমবার ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই ছয়টি প্রশাসনিক অঞ্চল থেকে ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে।
টাইফুন দুজুয়ানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়লে সেখানে এক নারী আটকা পড়েছেন বলে দমকলকর্মীরা আশঙ্কা করছেন। এছাড়া চিবা প্রশাসনিক অঞ্চলে ধ্বংসাবশেষ সরানোর সময় এক ব্যক্তি আটকা পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্যোগের কারণে জাপানে ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত দুজুয়ানের বাতাসের গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার, তবে ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এবারের 'সুপার এল নিনো'র প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ায় ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। জাপানের আবহাওয়া সংস্থা একে মানুষের জীবনের জন্য 'তাৎক্ষণিক হুমকি' হিসেবে চিহ্নিত করে সবাইকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন। টোকিওর দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসিন্দাদের বেসমেন্ট বা ভূগর্ভস্থ তলায় অবস্থান না করার কঠোর সতর্কতা দিয়েছে। বর্তমানে ওই এলাকায় ভারী বৃষ্টির তৃতীয় স্তরের সতর্কতা জারি রয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন ব্যবহার করে সতর্ক করেছে যে, বেসমেন্টে দ্রুত পানি ঢুকে পড়তে পারে এবং সেখানে আটকা পড়ার ঝুঁকি রয়েছে। এছাড়া বন্যার পানিতে ম্যানহোলের ঢাকনা সরে গিয়ে তৈরি হতে পারে বিপজ্জনক পরিস্থিতি, তাই বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



























