চবিকে গবেষণার কেন্দ্র ও র্যাংকিংয়ে এগিয়ে নিতে চান উপাচার্য
- আপডেট সময় : ০৮:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) আধুনিক গবেষণা ও জ্ঞানচর্চার একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান। দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক র্যাংকিংয়ে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন।
উপাচার্য বলেন, আমার মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। তিনি বলেন, আমার দায়িত্বের মেয়াদে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পড়াশোনা ও গবেষণার এক চারণভূমি হিসেবে দেখতে চাই। এই লক্ষ্য অর্জনে তিনি সম্মানিত সহকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে সর্বশক্তি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যা প্রসঙ্গে উপাচার্য বলেন, বিগত প্রশাসনগুলোর উদাসীনতার কারণে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে। বর্তমানে আবাসন সংকট, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং পুরোনো অবকাঠামোর জরাজীর্ণ অবস্থার মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে তিনি সমস্যাগুলোকে কেবল সমস্যা হিসেবে না দেখে সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছেন।
পরিবহন খাতের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে প্রায় ১৩টি নতুন গাড়ি যুক্ত হতে যাচ্ছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা ব্যবহার করতে পারবেন। উপাচার্য আরও বলেন, আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে প্রশাসন নিরলস কাজ করে যাবে।




























