নিউ ইয়র্কে সাবওয়ে ট্রেনে পিষ্ট হয়ে প্রাণ হারালেন দুই বন্ধু
- আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে ট্রেনের নিচে পিষ্ট হয়ে ভারতীয় বংশোদ্ভূত এক নারী এবং তার নেপালি-আমেরিকান বন্ধুর মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্রিং স্ট্রিট স্টেশনের লোকাল ট্র্যাকে ডাউনটাউনগামী একটি নম্বর ৪ ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। রবিবার ভোর ৩টা ১৪ মিনিটে পুলিশ এই দুর্ঘটনার খবর পায়। ঘটনার সময় ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন, যাদের সবাইকে প্ল্যাটফর্মে নিরাপদে সরিয়ে আনা হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ওই নারী হাসতে হাসতে পুরুষটিকে নিজের দিকে টেনে নিচ্ছেন, যার পরপরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, তাদের মধ্যে একজন আগে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন অথবা লাইনে নেমেছিলেন, আর অন্যজন তাকে উদ্ধারের চেষ্টায় নিচে ঝাঁপ দিয়েছিলেন। তবে কে আগে ট্র্যাকে পড়েছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউ ইয়র্ক ডেইলি নিউজের তথ্যমতে, ট্রেনের তৃতীয় ও চতুর্থ বগির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা দুজনেই রাটগার্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ওই নারী ২০২৪ সালের মে মাসে রাটগার্স-নিউ ব্রান্সউইক স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি সম্পন্ন করেছিলেন এবং আকাডিয়া ফার্মাসিউটিক্যালসে অপারেশনস স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বন্ধু কাউল ২০২০ সালের শরৎ থেকে ২০২৪ সালের বসন্ত পর্যন্ত রাটগার্স বিজনেস স্কুলে পড়াশোনা করলেও কোনো ডিগ্রি অর্জন করেননি। তিনি ব্লুমবার্গে ফিনান্সিয়াল ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন।



























