নেপালের থামেলে ১০ বাংলাদেশি নাগরিক গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নেপালের রাজধানী কাঠমান্ডুর জনপ্রিয় পর্যটন এলাকা থামেল থেকে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গত সোমবার (৭ সেপ্টেম্বর) থামেল এলাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। সন্দেহজনক কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশের উপত্যকা অপরাধ তদন্ত কার্যালয়ের এসপি শরদ কুমার থাপা ছেত্রী জানান, থামেল এলাকায় বেশ কিছু বাংলাদেশি নাগরিকের বিশৃঙ্খলা ও সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পুলিশ ২৬ নম্বর ওয়ার্ডের 'হোটেল ঢাকা এক্সপ্রেস', 'হোটেল দি ভেদা' এবং 'হোটেল আল-রহমান' থেকে এই ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), মো. কারামত আলী খান (৩০), সাইদুর রহমান (৩০), মো. খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), মো. মারুফ মৃধা (৪২) এবং মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)। অভিযানের সময় 'খাতুনে জান্নাত' নামের আরেক নারী পালিয়ে যেতে সক্ষম হন, যাকে গ্রেফতারে পুলিশি অনুসন্ধান চলছে।
নেপালের অভিবাসন দফতরের পরিচালক তিকারাম ঢাকাল জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, অন্তত একজন ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছিলেন। এছাড়া অন্য আসামিরা কী উদ্দেশ্যে নেপালে অবস্থান করছিলেন এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আটককৃতরা থামেলের 'মুসলিমা টোল' এলাকায় অবস্থান করে স্থানীয়দের সঙ্গে বিবাদে জড়াতেন এবং ভিসার শর্ত লঙ্ঘন করে অননুমোদিত অর্থ উপার্জনমূলক কর্মকাণ্ড চালাতেন। কাঠমান্ডুকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশিদের তৃতীয় দেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।



























