ফেসবুকে আউটসোর্সিং নীতিমালার সমালোচনা, শ্রম মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা বরখাস্ত
- আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সরকারের আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার দায়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, মাছুম বিল্লাহ ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে বিরূপ মন্তব্য প্রচার করেছেন। তার এই ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) নিয়ম অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, একই বিধিমালার ৩(খ) নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) নিয়ম অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে মনে করেছে কর্তৃপক্ষ। সেই প্রেক্ষিতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে মাছুম বিল্লাহ নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাসুম স্বাক্ষরিত এই আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের অনুলিপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, মন্ত্রণালয়ের আইসিটি সেল, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত মাছুম বিল্লাহকেও আদেশের অনুলিপি প্রদান করা হয়েছে।



























