গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রপথে যাত্রা শুরু ফ্রিডম ফ্লোটিলার
- আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

গাজায় ইসরাইলের দীর্ঘস্থায়ী অবরোধকে চ্যালেঞ্জ জানাতে নতুন করে আন্তর্জাতিক মিশন শুরু করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। আগামী অক্টোবর মাসে গাজার উপকূলে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বর্তমানে ইউরোপের বিভিন্ন বন্দরে বিরতি নিচ্ছে বহরের জাহাজগুলো।
সংগঠনটি জানিয়েছে, অতীতে ইসরাইলি বাহিনীর হাতে স্বেচ্ছাসেবকদের মারধর, টেজার গানের ব্যবহার এবং যৌন নিপীড়নের মতো ভয়াবহ অভিজ্ঞতার পরও এই উদ্যোগ থেকে তারা সরে আসছে না। এফএফসির মতে, গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
ইতিমধ্যে দুটি জাহাজ তাদের যাত্রা শুরু করেছে। এর মধ্যে 'হানজালা-২' জুন-জুলাই মাসজুড়ে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের বিভিন্ন বন্দরে নোঙর করেছে। অন্যদিকে, চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের ব্রিস্টল থেকে যাত্রা শুরু করা 'কেট' জাহাজটি আয়ারল্যান্ড, জার্মানি ও ফ্রান্স হয়ে এখন স্পেন, পর্তুগাল ও ইতালির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।
এই ফ্লোটিলায় বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন, যাদের মধ্যে মানবাধিকারকর্মী, শান্তিকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক এবং ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা রয়েছেন। সংগঠনটি এসব জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পাশাপাশি গাজায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দূর করতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে জাহাজে হামলা বা আটকের ঘটনায় কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
এফএফসি উল্লেখ করেছে, ২০১০ সালের মাভি মারমারা ঘটনার পরও ফ্লোটিলার ওপর ইসরাইলি বাধা ও ধরপাকড় অব্যাহত রয়েছে। গত এক বছরে গাজামুখী নৌযাত্রায় শত শত কর্মীকে আটক করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ অনুযায়ী, আটক কর্মীদের ঘুম থেকে বঞ্চিত করা, পানি ও চিকিৎসা সেবা না দেওয়ার মতো অমানবিক আচরণ করা হয়েছে।
এদিকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজার ৮২ শতাংশেরও বেশি পরিবার এখনো নিরাপদ পানির সংকটে ভুগছে এবং স্যানিটেশন অবকাঠামোর প্রায় ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৬




























