হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী জাহাজে হামলা, নিহত দুই নাবিক
- আপডেট সময় : ১০:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, ইরান এই হামলা চালিয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে ‘সিদর’ নামের জাহাজটিতে কয়েকটি অজ্ঞাত বস্তু আঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে। সৌদি আরবের জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান বাহরি এ তথ্য নিশ্চিত করেছে।
এই হামলায় জাহাজটিতে কর্মরত ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, একই সময়ে মুসানদামের পূর্বাঞ্চলে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ‘সেনেগাল প্রসপারিটি’ নামের আরেকটি ট্যাংকারেও হামলার খবর পাওয়া গেছে।
সৌদি আরবের এই অভিযোগের বিষয়ে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে তেহরান দাবি করেছিল, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী দুটি ট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে আগুন লেগেছিল।
এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের সাম্প্রতিক হামলারও নিন্দা প্রকাশ করেছে রিয়াদ। বিবৃতিতে সৌদি আরব বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই এই ঘটনা সামনে এল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দেশটিতে ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং ৬৩ জন আহত হওয়ার ঘটনাকে তেহরান যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা এসব প্রতিবেদন যাচাই-বাছাই করছে।




























