আপিল গ্রহণ হলেও জামিন মেলেনি বিদিশার, কারাগারেই থাকতে হচ্ছে
- আপডেট সময় : ০১:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের আপিল আবেদন গ্রহণ করলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর ফলে তাকে কারাগারেই বন্দি থাকতে হচ্ছে।
বুধবার শুনানি শেষে আপিলটি গ্রহণের আদেশ দিলেও জামিন আবেদন নাকচ করে দেন ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির। আদালতে বিদিশার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী। অপরদিকে বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান (হিরণ)।
এর আগে, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার এই মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাজা ঘোষণার পর গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৬ আগস্ট তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছিল।
উল্লেখ্য, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।



























