মক্কা প্যাক্ট নিয়ে জাতীয় স্বার্থে সতর্ক সরকার: শামা ওবায়েদ
- আপডেট সময় : ০১:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মক্কা প্যাক্টের বিষয়ে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, বিষয়টি সময় নিয়ে যথাযথ যাচাই-বাছাই করার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, দেশের স্বার্থের পরিপন্থী বা অমঙ্গল হয়—এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে না। মক্কা প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আইপিইউ বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানিয়েছে। এ সময় সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শামা ওবায়েদ জানান, আইপিইউ তরুণ সংসদের উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।





























