স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি
- আপডেট সময় : ০১:০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনগণের কাছে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সততা এবং শিক্ষাগত যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দলটি। এছাড়া দলের প্রতি অনুগত এবং বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা নেতাদেরও বিশেষ মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা।
দলটির হাইকমান্ড জানিয়েছে, এবার স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় প্রতীক না থাকায় বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় দল এ বিষয়ে সতর্ক রয়েছে। বিতর্কিত কাউকে মনোনয়ন দেয়া হবে না এবং যারা বিএনপির নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছে তাদের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে দলটি। দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাইয়ের কাজ জোরদার করা হবে। বর্তমানে জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ের নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করার জন্য। দলীয় সমর্থন নিশ্চিত করার পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে শীর্ষ নেতৃত্ব। তবে সমঝোতা না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করার কড়া বার্তা দিয়েছেন। এছাড়া গত ৯ই মে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তৃণমূল ইউনিটগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রার্থী নির্ধারণ করা হবে। জেলা ও মহানগর নেতারা এ প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। এদিকে, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত নিশ্চিত করেছেন যে, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদেরই প্রাধান্য দিয়ে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। এছাড়া বর্তমান প্রশাসকদের মধ্যে যারা সফল, তাদেরও প্রার্থী করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন চলতি বছরের শেষদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আগামী সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।





























