সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারিতে গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলমগীর হোসেন সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের সাদেমের ছেলে। তিনি স্থানীয় ফোর্ডনগর এলাকার আখতার ফার্নিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আলমগীর কয়েকজন সহযোগীর সঙ্গে বসে মদপান করেন। মদপান শেষে ফোর্ডনগর রাস্তার ওপর আখতার ফার্নিচার ফ্যাক্টরির সুমন খাঁর সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যকার এই বাগবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আলমগীর।
আহতাবস্থায় আলমগীরকে প্রথমে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মদপানের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সুমনের বিরুদ্ধে চড়-থাপ্পড় মারার একটি অভিযোগ দেওয়া হলেও বর্তমানে এ বিষয়ে পরিবারের আর কোনো অভিযোগ নেই।
























