দেশের বাজারে হিরোর নতুন এক্সপালস ২০০ ৪ভি ও প্রো মডেল
- আপডেট সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

অ্যাডভেঞ্চারপ্রেমী রাইডারদের জন্য বাংলাদেশের বাজারে নতুন দুটি মোটরসাইকেল নিয়ে এসেছে হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। প্রতিষ্ঠানটির মতে, নতুন এই বাইকগুলো দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি অফ-রোড ও ট্রেইল রাইডিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশে ১২ বছরের সফল কার্যক্রমের পর এই সিরিজটিকে স্থানীয় বাজারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে হিরো মোটোকর্প।
হিরো মোটোকর্পের সিইও হর্ষবর্ধন চিতালে জানান, বাংলাদেশে শুধু মোটরসাইকেল বাজারজাত করাই তাদের লক্ষ্য নয়, বরং উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সাপ্লাই-সার্ভিস ইকোসিস্টেম গড়ে তোলার ওপরও তারা গুরুত্ব দিচ্ছেন।
নতুন দুই মডেলের মোটরসাইকেলেই রয়েছে ১৯৯.৬ সিসির ৪-ভালভ সিঙ্গেল-সিলিন্ডার অয়েল-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক পাওয়া যায়। বাইকগুলোতে ৫-স্পিড গিয়ারবক্সের পাশাপাশি রোড, অফ-রোড ও র্যালি—এই তিন ধরনের এবিএস মোড যুক্ত করা হয়েছে। এছাড়া ডুয়াল-পারপাস টায়ার, অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং এলইডি হেডল্যাম্প ও ডিআরএল-এর মতো আধুনিক ফিচার রয়েছে এতে।
এক্সপালস ২০০ ৪ভি মডেলটি মূলত দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি হালকা ট্রেইল রাইডের জন্য ডিজাইন করা হয়েছে। এর সিট হাইট ৮২৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিমি। অন্যদিকে, প্রো মডেলটি দুর্গম পথে রাইডিংয়ের জন্য বিশেষভাবে তৈরি। এতে ২৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৮৯১ মিমি সিট হাইট রয়েছে। এছাড়া প্রো মডেলে উন্নত অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং সামনে ২৫০ মিমি ও পেছনে ২২০ মিমি সাসপেনশন ট্রাভেল থাকায় এটি যেকোনো কঠিন পথে বেশি সক্ষমতা প্রদান করে।
বাংলাদেশে নিলয় মোটরসের মাধ্যমে হিরোর এই মোটরসাইকেলগুলো বিক্রি হচ্ছে। দেশজুড়ে তাদের ৫৩০টিরও বেশি অনুমোদিত সেলস ও সার্ভিস সেন্টার রয়েছে। নতুন বাইকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে এক্সপালস ২০০ ৪ভির জন্য ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং এক্সপালস ২০০ ৪ভি প্রোর জন্য ৩ লাখ ৬৫ হাজার টাকা। ক্রেতারা প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে ৫ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা পাবেন।





























