ব্যাটারি রিকশা ও ই-বাইকের চার্জে বিদ্যুতের বিপুল চাহিদা: জ্বালানিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বর্তমানে রাত ১২টার পরও বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটের মতো উচ্চপর্যায়ে থাকছে। এই বিপুল বিদ্যুৎ চাহিদার একটি বড় কারণ হলো ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক। রাতে এসব যানবাহনে চার্জ দেওয়ার ফলে গ্রিডের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই চার্জ দেওয়ার প্রক্রিয়ায় একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। সরকার বর্তমানে এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে অভিযান পরিচালনা করছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ' শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও কথা বলেন। তিনি জানান, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেই বর্তমানে গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে কারিগরি ত্রুটি ও আগুন লাগার পরপরই পাশে থাকা এলএনজিবাহী অন্য একটি জাহাজ দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি জানান।
























