দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির পরিকল্পনা সরকারের
- আপডেট সময় : ০১:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে পূজার জন্য ২ দিনের সরকারি ছুটি নির্ধারিত থাকলেও, সাপ্তাহিক ছুটির সাথে সমন্বয় করে এটিকে ৫ দিনে উন্নীত করার একটি প্রস্তাব নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রস্তাব অনুযায়ী, পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকলেও তার পরেই ২ দিনের সাপ্তাহিক ছুটি থাকায়, মাঝখানের ওই কর্মদিবসটিতেও ছুটি ঘোষণা করার চিন্তা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মো. মোস্তফা জামান জানিয়েছেন, দুর্গাপূজায় নির্বাহী আদেশে ২২ অক্টোবর বাড়তি ছুটি দেওয়ার বিষয়টি মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া সাপেক্ষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এই ছুটির বিনিময়ে পরবর্তীতে কোনো এক শনিবারে অফিস খোলা রাখার শর্ত রাখা হতে পারে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত আছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা। পরের দুইদিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। যদি ২২ অক্টোবর বাড়তি ছুটি ঘোষণা করা হয়, তবে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য যে, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।




























