‘হ্যালো ডিসি’ অ্যাপে অভিযোগ, এক দিনেই সরল কেরানীগঞ্জের ময়লার স্তূপ
- আপডেট সময় : ০৪:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের স্তূপ মাত্র এক দিনের ব্যবধানে অপসারণ করা হয়েছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপে স্থানীয় এক নাগরিকের অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসনের নির্দেশনায় দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হয়। গতকাল সোমবার জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে থাকার বিষয়টি অভিযোগ আকারে জমা পড়ে। অভিযোগটি পাওয়ামাত্রই ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে খাল ও ব্রিজের নিচের ময়লা পরিষ্কার করে স্থানটি দূষণমুক্ত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, কলাতিয়া বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে এই খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। বছরের পর বছর ময়লা ফেলার কারণে সেখানে বিশাল এক স্তূপের সৃষ্টি হয়েছিল। এর ফলে ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয়রা। বিশেষ করে, ময়লার স্তূপটি স্কুলের ঠিক সামনে হওয়ায় কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। নিয়মিত এই উৎকট দুর্গন্ধের মধ্য দিয়েই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে হতো।
দীর্ঘদিন ধরে সেখানে ময়লা ফেলা হলেও আগে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে ‘হ্যালো ডিসি’ অ্যাপে অভিযোগ জানানোর পর এত দ্রুত বর্জ্য অপসারণ করায় তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ অ্যাপটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ময়লার স্তূপের বিষয়টি অভিযোগের মাধ্যমে নজরে আসার সাথে সাথেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেখানে জমে থাকা সব ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।



























