পর্নোগ্রাফি মামলায় বাবুগঞ্জের বিএনপি নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আহমদ উল্লাহ রহমতপুর রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহারে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।





























