কালিনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
- আপডেট সময় : ০১:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামে একটি সরকারি রাস্তা দখল করে পাকা দেয়াল নির্মাণের ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কালিনগর গ্রামের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে কালিনগর কবরস্থান পর্যন্ত বিস্তৃত সরকারি সড়কের দুই পাশে আক্তার ও শাহ আলম নামে দুই ব্যক্তি পাকা দেয়াল নির্মাণ করেছেন। এই অবৈধ নির্মাণের ফলে সড়ক দিয়ে যাতায়াতকারী স্থানীয় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমীনের সভাপতিত্বে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে অভিযুক্তরা সরকারি রাস্তার ওপর নির্মিত দেয়াল অপসারণের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এ অবস্থায় সরকারি রাস্তা থেকে অবৈধ দেয়াল অপসারণ করে জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষে আবেদনটি জমা দেন কালিনগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আল আমিন। স্থানীয়রা আশা করছেন, উপজেলা প্রশাসন অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আক্তার হোসেন মুঠোফোনে জানান, তিনি নিজের জায়গায় অবস্থান করছেন এবং পাশের জমির মালিক রাস্তার জন্য জায়গা দিচ্ছেন না। তবে তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি রাস্তার প্রয়োজনে দেয়াল ভেঙে জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেন, তবে তিনি তা মানতে বাধ্য থাকবেন।



























