বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ফুটবলের বিশ্বমঞ্চে ট্রফি আর পদকের পাশাপাশি এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক রাজকীয় অনুষঙ্গ—চ্যাম্পিয়নশিপ রিং। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এই বিশেষ সম্মাননা প্রবর্তন করছে ফিফা। উত্তর আমেরিকার এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, তা এবার ফুটবলের সবচেয়ে বড় আসরেও দেখা যাবে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বরাদ্দ থাকবে মাত্র ৩০টি রিং। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে। প্রতিটি রিংয়ে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং মালিকের আঙুলের মাপ অনুযায়ী তা তৈরি করা হবে, যার সঙ্গে থাকবে সত্যায়নপত্র বা সার্টিফিকেট অব অথেনটিসিটি।
রিংয়ের নকশা সম্পর্কে ফিফা জানিয়েছে, এর এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে অস্থায়ীভাবে স্মারক রিং দেওয়া হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী চূড়ান্ত ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।
বর্তমানে আর্জেন্টিনা চতুর্থ এবং স্পেন দ্বিতীয় শিরোপার লক্ষ্যে লড়াই করছে। যে দলই এবারের বিশ্বকাপের ফাইনালে জয়ী হোক না কেন, তারাই হবে ফুটবল ইতিহাসের প্রথম দল যাদের আঙুলে উঠবে ফিফার এই নতুন চ্যাম্পিয়নশিপ রিং।



























