ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, নতুন ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ
- আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপ একের পর এক নতুন ইতিহাসের জন্ম দিয়ে চলেছে। ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রথম টুর্নামেন্টে দল ও খেলোয়াড়দের নানা অনন্য অর্জন ফুটে উঠছে। সেমিফাইনালের চার দল নিশ্চিত হওয়ার পর এবার সামনে এসেছে বিশ্বকাপের ইতিহাসের এক বিরল রেকর্ড।
১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এই প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল একই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল। এই নতুন ইতিহাসের অংশ হওয়া চার দল হলো আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। মজার বিষয় হলো, সেমিফাইনালে ওঠা এই চারটি দলের প্রত্যেকেরই এর আগে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে।
এর আগে বিশ্বকাপে সেমিফাইনালে চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের জায়গা করে নেওয়ার ঘটনা মাত্র দুইবার দেখা গিয়েছিল। ১৯৭০ ও ১৯৯০ সালের আসরে এই নজির তৈরি হয়েছিল। ১৯৭০ সালের বিশ্বকাপে শেষ চারে উঠেছিল ব্রাজিল, ইতালি, উরুগুয়ে ও পশ্চিম জার্মানি। এছাড়া ১৯৯০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড।



























