টানা বৃষ্টিতে নাকাল রাজধানী: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ
- আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি রোববারও বিরামহীনভাবে অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় পড়েছে ৩৮ মিলিমিটার বৃষ্টি। এই টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।
দৈনিক বাংলা, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর থেকে টিকাটুলি মোড় পর্যন্ত প্রধান সড়কগুলোতে পানি জমেছে। পুরানা পল্টন কালভার্ট রোডে হাঁটুপানি থাকায় স্থানীয় কিছু দোকানে পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া শান্তিনগর, রাজারবাগ, নয়াপল্টন ও কাকরাইলের বিভিন্ন অলিগলিও তলিয়ে গেছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরেও পানি জমেছে। যাত্রাবাড়ী, কুতুবখালী, শনির আখড়া এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পানির নিচে ছিল। খিলক্ষেত থেকে লেকসিটি পর্যন্ত সড়কও প্রায় হাঁটুপানিতে ডুবে ছিল।
জলাবদ্ধতার কারণে যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। খিলক্ষেত এলাকার এক ভুক্তভোগী জানান, রিকশা ভাড়ার পাশাপাশি অতিরিক্ত যান হিসেবে ভ্যান চলাচল করলেও প্রতিটি যাত্রীর থেকে ৫০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, অথচ কোনো সিএনজি পাওয়া যাচ্ছে না। মহাখালী এলাকার দক্ষিণপাড়ার মূল সড়কও পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী ও ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যাওয়ায় যানবাহনের গতি কমে গেছে এবং যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাকলী মোড়ে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
বৃষ্টির মধ্যেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চললেও যাত্রী চাপ ছিল অনেক বেশি। সচিবালয় ও মতিঝিল স্টেশনে কর্মজীবী মানুষের ভিড় ছিল লক্ষণীয়। তবে সড়কে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের উপস্থিতি ছিল খুবই কম। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী ও একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা এবং ধানমন্ডি কামরুন্নেছা স্কুলের অর্ধবার্ষিকী ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
খিলক্ষেত থেকে লেকসিটি এলাকার পরিস্থিতি তুলে ধরে গণমাধ্যমকে একজন বলেন, “খিলক্ষেত থেকে লেকসিটি পর্যন্ত রিকশা ভাড়া ৩০ টাকা করে। কয়েকজন মিলে গেলে ১০-২০ টাকা করে নেয়। পুরো রাস্তায় হাঁটুর কাছাকাছি পানি থাকায় কয়েকজন মিলে চড়লেও প্রত্যেকের থেকে ১০০ টাকা রিকশায় ভাড়া নিচ্ছে।”




























