সিপিএল অভিষেকে মিরাজের স্পিন জাদু, প্রশংসায় ভাসালেন ইমরান তাহির
- আপডেট সময় : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের মতো অভিষেক হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নিয়েছেন এই বাংলাদেশি স্পিনার। মিরাজের এই অসাধারণ বোলিং এবং অধিনায়ক ইমরান তাহিরের ৫ উইকেটের সুবাদে আজ সকালে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা।
টুর্নামেন্টের শেষ দিকে গায়ানা দলে যোগ দেওয়া মিরাজ আফগানিস্তানের মোহাম্মদ নবীর বদলি হিসেবে খেলছেন। নবী ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিপিএল ছেড়ে যাওয়ায় তার শূন্যতা পূরণ করার চ্যালেঞ্জ ছিল মিরাজের সামনে। তবে প্রথম ম্যাচেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। প্রভিডেন্স স্টেডিয়ামে নিজের প্রথম ওভারেই জন ক্যাম্পবেলকে আউট করে উইকেট শিকার শুরু করেন মিরাজ। এরপর নিজের তৃতীয় ওভারে কেমল স্যাভরি ও চারিত আসালাঙ্কাকে সাজঘরে ফেরান তিনি। স্যাভরি এলবিডব্লিউর ফাঁদে পড়লেও রিপ্লেতে দেখা গেছে বল স্টাম্পে হিট করেনি, অন্যদিকে আসালাঙ্কা উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
ম্যাচে গায়ানার মূল নায়ক ছিলেন অধিনায়ক ইমরান তাহির। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন এই লেগ স্পিনার। যদিও রান তাড়া করতে নেমে গায়ানাকে বেশ বেগ পেতে হয়েছে, ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা জয় নিশ্চিত করে। ব্যাটিংয়ে মিরাজ অবশ্য মাত্র ১ রান করে আউট হয়েছেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের ভূয়সী প্রশংসা করেন ইমরান তাহির। তিনি বলেন, 'আমাদের দলে নবী ছিল, সে খুবই উঁচু মানের বোলার এবং আমাদের সেরা পারফর্মার ছিল। মিরাজ সেখানে এসে সত্যিই ভালো বোলিং করেছে। আমরা এমনটাই আশা করছিলাম। মিরাজ বিশ্বমানের বোলার, আন্তর্জাতিক পর্যায়ে সে সারা বিশ্বে পারফর্ম করে আসছে।'
৪৭ বছর বয়সী ইমরান তাহিরের ৫ উইকেটের সঙ্গে মিরাজের এমন বোলিংয়ে আজ সকালে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।সিপিএলে মিরাজ যোগ দিয়েছেন টুর্নামেন্টের শেষ দিকে।
সব মিলিয়ে এ টুর্নামেন্টে আর ম্যাচ বাকি ৮টি।





























