১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারেদেস, দিলেন কড়া প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০৮:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে হাতাহাতির ঘটনায় ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার তার ওপর আরোপিত এই শাস্তির সমালোচনা করে একই ঘটনায় স্পেনের গাভিকে মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
লানুসের বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচের পর পারেদেস বলেন, ‘এটা বাড়াবাড়ি মনে হচ্ছে। আরেকটি ব্যাপার অদ্ভুত, গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করা হলো। অথচ সে আমার বুকে ঘুষি মেরেছিল।’
উল্লেখ্য যে, বিশ্বকাপ ফাইনালের পরের ওই হাতাহাতির ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ এবং নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়া থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির স্টাফ সদস্য রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার পাশাপাশি পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাকি তিন আর্জেন্টাইন সদস্যকে ৩০ হাজার ডলার করে জরিমানা গুনতে হচ্ছে।





























