সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা
- আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে কর্তব্যনিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পেয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। তারা হলেন— সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। সম্প্রতি জেলা পুলিশের এক পর্যালোচনা সভায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।
পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সেপ্টেম্বর মাসে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাজের মূল্যায়ন করা হয়। পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা ও জনসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় জেলার মোট ৩৪ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তাদের হাতে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
উক্ত সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, বিভিন্ন মামলার অগ্রগতি, আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে অপরাধ দমন ও জননিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার ভালো কাজের জন্য কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের জনগণের সেবায় আরও বেশি গতিশীল ও উৎসাহিত করবে। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন থানার ওসিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























