আফগানিস্তানের জয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ
- আপডেট সময় : ১২:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৩ উইকেটের জয় শুধু তাদের সিরিজ জয়ই নিশ্চিত করেনি, একই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও পরিষ্কার করে দিয়েছে। আর এই জয়ে কোনো ম্যাচ না খেলেই ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পেয়ে গেল বাংলাদেশ। অন্যদিকে, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আবারও খেলতে হবে কঠিন বাছাইপর্বের লড়াই।
বেলফাস্টে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে একপর্যায়ে ১৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান। তবে অধিনায়ক রশিদ খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটের জয় পায় আফগানরা। বল হাতে ৪৪ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন রশিদ। এছাড়া রহমানউল্লাহ গুরবাজের ৭১ রানের ইনিংসটি জয়ের পথ সহজ করে। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি টানা চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল আফগানিস্তান।
আফগানদের এই জয়েই কপাল খুলেছে বাংলাদেশের। ওয়ানডে র্যাঙ্কিংয়ের নিয়মানুযায়ী, ২০২৭ বিশ্বকাপের দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া শীর্ষ আট দল সরাসরি মূল পর্বে খেলবে। তবে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটের মধ্যে থাকে, তবে নবম স্থানে থাকা দলটিও সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমানে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে এবং আফগানিস্তান অষ্টম স্থানে রয়েছে। ফলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে এবং বাছাইপর্বের মুখোমুখি হতে হচ্ছে না।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে আর সরাসরি খেলার কোনো সুযোগ নেই। ভারতের বিপক্ষে তাদের দুটি ওয়ানডে ম্যাচ বাকি থাকলেও, দুটিই জিতলে তারা বাংলাদেশকে টপকাতে পারবে না। ফলে ক্যারিবীয়দের আবারও বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। ২০১৯ সালের বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেললেও ২০২৩ সালের বাছাইপর্বে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের কাছে হেরে প্রথমবার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যার প্রভাবে তারা ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা পায়নি।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আরও কঠিন হতে যাচ্ছে। মোট ১০টি দল এই বাছাইপর্বে অংশ নেবে, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মতো পূর্ণ সদস্য দেশ ছাড়াও থাকবে বিশ্বকাপ লিগ-২ থেকে ৪টি এবং প্লে-অফ থেকে আসা ৪টি দল। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাবে। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে 'সুপার সিরিজ'। এই তিন দলের লড়াই থেকে মাত্র একটি দল দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে। ফলে ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশ্বকাপের মূল পর্বের পথটি এবার বেশ দীর্ঘ ও জটিল।
রশিদ খানের ব্যাটে আফগানিস্তানের বিশ্বকাপের টিকিট আফগানিস্তানের এই বিশ্বকাপ নিশ্চিত হওয়ার গল্পের নায়ক অবশ্যই রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৬ রানে ৭ উইকেট হারানোর পর আফগানিস্তানের জয় নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই সময় দায়িত্ব নেন রশিদ। ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।





























