বেতন ও নিরাপত্তা নিয়ে সংকটে বাফুফের কোচ জেরার্ড জোনস
- আপডেট সময় : ০৩:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোনস বর্তমানে তীব্র আর্থিক ও মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন যে, তিনি এখনও তার বেতনের অপেক্ষায় আছেন এবং স্ত্রী-সন্তানদের খাবারের টাকা পাঠাতে পারছেন না। তিনি নিজেকে চরম বিপন্ন ও আতঙ্কিত বোধ করছেন বলে উল্লেখ করেন।
পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি জানান, বেতনের টাকা তার অ্যাকাউন্টে পৌঁছালেও ব্যাংকিং-সংক্রান্ত কিছু জটিলতা এবং নতুন কিছু সমস্যার উদ্ভব হয়েছে। তিনি তার ব্যক্তিগত আর্থিক তথ্যের গোপনীয়তা ফাঁস হওয়া নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। জোনস জানান, ঢাকায় এবং যশোরের শামসুল হুদা একাডেমিতে চলমান আবাসিক ক্যাম্পের আশেপাশে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে মানুষ তাকে ঘিরে ধরে, গাড়িতে ধাক্কা দিয়ে এবং ব্যক্তিগতভাবেও বহুবার টাকা দাবি করেছে, যা তাকে অত্যন্ত অসহায় করে তুলেছে।
ভিডিও বার্তায় নিজের হতাশা প্রকাশ করে জোনস বলেন, তিনি মানসিকভাবে বিধ্বস্ত এবং নিজের পরিবারের কাছে নিজেকে ব্যর্থ মনে করছেন। তিনি জানান, প্রতিদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, যা তাকে ভেতর থেকে ভেঙে ফেলেছে। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ আরও জানান, তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছেন।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দাবি করেছে, চুক্তি অনুযায়ী ১০ তারিখের মধ্যেই তার বেতনের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক জানান, নিয়ম অনুযায়ী টাকা পাঠানোর পর কী ঘটেছে তা তাদের জানা নেই। বাফুফের একটি সূত্র জানিয়েছে, বেতনের টাকা নিজ দেশে পাঠানোর আইনি ও প্রাতিষ্ঠানিক ধাপগুলো সম্পন্ন করতে কোচ আজ দুপুরের দিকে যশোর থেকে ঢাকায় এসেছেন। গত জুন মাসে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন এই ইংলিশ কোচ।




























