২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম ঘোষণা করল আইসিসি

- আপডেট সময় : ০৯:১৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এই মহাযজ্ঞের প্রস্তুতিতে বড় পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের একটি স্টেডিয়াম রয়েছে।
জোহানেসবার্গে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্বকাপের নতুন ব্র্যান্ডিংও উন্মোচন করা হয়। ‘উবুন্টু’ দর্শনকে সামনে রেখে সাজানো হয়েছে ২০২৭ আসরের পরিচিতি, যার মূল বার্তা হলো ঐক্য, মানবিকতা ও আফ্রিকার আতিথেয়তা। আইসিসির মতে, এই বিশ্বকাপ শুধু ক্রিকেটের লড়াই নয়, বরং আফ্রিকার সংস্কৃতি ও বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরারও একটি বড় উপলক্ষ। ২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকা বিশ্বকাপের আয়োজন করছে, যদিও নামিবিয়ার জন্য এটি হবে প্রথমবারের মতো বিশ্বকাপ ভেন্যু হওয়ার গৌরব।
দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু হলো ওয়ানডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল) এবং বাফেলো পার্ক (কুগোমপো সিটি)। জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।
এই স্মরণীয় মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদা। এছাড়া জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। আইসিসি ইতোমধ্যে টুর্নামেন্টের নতুন প্রতিযোগিতা কাঠামোও নির্ধারণ করেছে, যেখানে আরও বেশি দলকে নকআউটের লড়াইয়ে টিকে থাকার সুযোগ দেওয়া হবে। ক্রিকেটবিশ্বের প্রত্যাশা, আফ্রিকার ঐতিহাসিক মাঠগুলোতে আবারও জন্ম নেবে নতুন সব স্মরণীয় মুহূর্ত। ২০২৭ বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন, আর ভেন্যু ঘোষণার মধ্য দিয়ে সেই উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেল।




























