হারের পর শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টিনার কোচ স্কালোনি

- আপডেট সময় : ০৮:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে ১-০ গোলে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। ঐতিহাসিক এই ফাইনালে হারের পর মাঠের পরাজয় মাথা পেতে নিয়েছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তবে হারের বেদনার মধ্যেও নিজের দলের ফুটবলারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, পরাজয়ের কষ্টটা স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে তার মতে, দলের খেলোয়াড়রা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দিয়ে খেলেছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে অনেক কিছুই বলার থাকতে পারে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। তিনি তার এই ছেলেদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্পেনের জয়কে উদার মনে স্বীকার করে নিয়ে স্কালোনি বলেন, স্পেন তাদের চেয়ে ভালো খেলেছে এবং তাদের প্রাপ্য স্বীকৃতি অবশ্যই দিতে হবে। জয় এবং পরাজয়—উভয় ক্ষেত্রেই উদারতা বজায় রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি। স্কালোনি আরও যোগ করেন, তারা যে হারতে জানে, তা এই ম্যাচে প্রমাণ করেছেন তার শিষ্যরা। খেলোয়াড়দের নিয়ে দারুণ সব স্মৃতি রয়েছে জানিয়ে তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।


























