মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল ও সংগঠনকে জেডিপির চিঠি
- আপডেট সময় : ০৬:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গুম হওয়া মিরাজ শেখের সন্ধানের দাবিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জুলাই বিপ্লবের বিভিন্ন মঞ্চ, বীর মুক্তিযোদ্ধা ও অ্যাক্টিভিস্টদের চিঠি পাঠিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। একই দাবিতে আগামী ১২ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণপ্রতিবাদ সভার ডাক দিয়েছে দলটি।
গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৭:২১ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেডিপি এই তথ্য নিশ্চিত করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াত জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরাসরি যোগাযোগ এবং অনলাইন মাধ্যমের সাহায্যে এসব চিঠি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় জাতীয় জাদুঘরের সামনে ‘গণপ্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে। সেখানে মিরাজ শেখকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হবে। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে জেডিপি দাবি করেছে, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এবং বিএনপি সরকারের আমলে মিরাজ শেখই প্রথম গুমের শিকার ব্যক্তি। এই গুমের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই দল ও সংগঠনগুলোর সমর্থন চেয়ে এই চিঠি পাঠানো হচ্ছে।
চিঠির অনুলিপি পাঠানো হয়েছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ), অল্টারনেটিভস, গণবিপ্লবী উদ্যোগ (পিআইআরআই), আপ বাংলাদেশ, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন, জুলাই জোট, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, রাষ্ট্রসংলাপ ফোরাম, দ্য রেড জুলাই, মঞ্চ ২৪, জুলাই ঐক্য, পুসাব এবং জুলাই সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, তাসনিম জারা, আব্দুল কাদের, সাইফুর সাগর, নাবিলা ইদ্রিস, মোহাম্মদ সজল, আব্দুল্লাহ আল শাফিল, ইমরান মাহফুজ, আজিজ ইশরাক ফাহিম এবং ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছেও চিঠি পাঠানো হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে জেডিপি উল্লেখ করেছে, “গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মিরাজ শেখকে প্রথম গুমের শিকার ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তার নিখোঁজের ১৪৬ দিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি। বরং তার সন্ধানের দাবিতে মাঠে নামায় উল্টো তাঁর স্ত্রী, মা ও বোনকে ২৭ দিন কারাভোগ করতে হয়েছে।”
চিঠিতে আরও বলা হয়, গত১২ জুলাই হাইকোর্ট নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করে আদালতে হাজির করতে পারেনি প্রশাসন, ফলে আদালতের নির্দেশনা বাস্তবায়িত হয়নি। উপরন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী মিরাজ শেখের সন্ধান দেওয়ার পরিবর্তে ভিক্টিম ব্লেমিং করেছেন বলে অভিযোগ করেছে দলটি। গুমের এই সংস্কৃতি প্রতিরোধে এবং মিরাজ শেখের সন্ধানে দেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে জেডিপি।




























