ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত
- আপডেট সময় : ১২:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেণ্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন, তাকে ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে জুবায়ের অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে মাদকের বিস্তার ঘটেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যর্থতা ঢাকার প্রচেষ্টার অংশ হিসেবেই নানা কৃত্রিম তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার গেণ্ডারিয়া এলাকায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দেশের বিদ্যমান অস্ত্র আইনের প্রসঙ্গ টেনে জুবায়ের বলেন, নিজের নিরাপত্তা ব্যতীত বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনত গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর আইন নিজের হাতে তুলে নেওয়া, দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা এবং জনমনে ভীতি সঞ্চার করা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এই ঘটনার প্রতিকার দাবি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্যোগ প্রত্যাশা করেন।
এছাড়া, নিজের আইনবিরোধী কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে আপলোড করে ইশরাক হোসেন জনমনে ভীতি সৃষ্টির যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, তাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন জামায়াত নেতা। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শপথ ভঙ্গের শামিল এবং এতে সন্ত্রাসীরা উৎসাহিত হতে পারে। পরিশেষে, তিনি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা এবং জনবান্ধব উপায়ে মাদক নির্মূলে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।




























