জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম
- আপডেট সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার দল জাতীয় পার্টির মতো কোনো ‘পোষা বিরোধী দল’ হবে না। সোমবার দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমাদের কর্মসূচি আমরা নিজেরাই ঠিক করব।’
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘বিএনপিকে আমাদের শিখাতে হবে না, আমরা কীভাবে কর্মসূচি করব। কেউ যদি আমাদের কর্মসূচিকে লং ড্রাইভ বলে, তবে বেগম খালেদা জিয়ার কর্মসূচিকেও লং ড্রাইভ বলতে হয়। আর তাদেরটা যদি লং মার্চ হয়, তবে আমাদেরটাও লং মার্চ।’ তিনি আরও বলেন, ‘আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন একটি বালুর ট্রাক দিয়েই আপনাদের পুরো লং মার্চ শেষ করে দেওয়া হয়েছিল। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।’
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব। বিএনপি যদি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি, এর ফলাফল কখনো ভালো হবে না।’
দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, এনসিপির একজন সদস্য প্রধানমন্ত্রীর সমালোচনা করার সময় অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেছিলেন, যার জন্য কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল। তবে সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা মামলা’ হিসেবে আখ্যায়িত করেন সারজিস। তিনি অভিযোগ করেন, ‘বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি।’
তারেক রহমানের বাক্স্বাধীনতা বিষয়ক বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘উপরে উপরে বলবেন সমালোচনা করুন, স্বাধীনতা দিচ্ছি; আর ভেতরে ভেতরে কেউ সমালোচনা করলে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে জেলে রাখবেন, মিথ্যা মামলা দেবেন এটা হতে পারে না। আমরা কি মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের কথা আরেক?’ সিফাতের গালির সমর্থন না করলেও তিনি পুনরায় দাবি করেন যে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি এক বছর আগের এবং এটি মিথ্যা।
পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব মাইনুল আহসান মুন্না। সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব শামীম হামিদী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের কর্মসূচি আমরা নিজেরাই ঠিক করব।’ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




























