গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট: ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ১২:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বৈঠকের বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, আলোচনায় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ উঠে আসে। জামায়াত আমিরের মতে, জনগণ গণভোটে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা জরুরি; অন্যথায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিতে পারে। সভায় উপস্থিত একাধিক গণমাধ্যম নির্বাহী পরামর্শ দিয়েছেন যে, গণভোটের রায়ের বিষয়ে কারো ভিন্নমত থাকলে তা স্পষ্টভাবে জনগণের সামনে প্রকাশ করা উচিত।
মতবিনিময় সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, জনদুর্ভোগ এবং দলীয়করণের মতো বিষয়গুলো উঠে আসে। ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহত করতে ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি গণমাধ্যমকে জামায়াতের কার্যক্রমের ওপর গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে গণমাধ্যমের নির্বাহীরা তাদের খাতের বিভিন্ন কাঠামোগত সমস্যা, যেমন বেতন কাঠামো, ওয়েজ বোর্ড এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। জামায়াত আমির এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বলে গোলাম পরওয়ার উল্লেখ করেন। এছাড়া, বর্তমান সংসদে জামায়াতের বিরোধীদলীয় ভূমিকাকে নির্বাহীরা গঠনমূলক ও নিয়মতান্ত্রিক হিসেবে অভিহিত করেছেন।
জামায়াত আমির স্পষ্ট করেছেন যে, জনগণের স্বার্থে সরকার ভালো কোনো উদ্যোগ নিলে জামায়াত সংসদের ভেতরে ও বাইরে সহযোগিতা করবে। তবে জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি দায়িত্বশীল ও অহিংস অবস্থান নেবে। ভবিষ্যতে রাজপথের আন্দোলনও অহিংস রাখার নীতিতে জামায়াত অটল থাকবে বলে সভায় জানানো হয়। সভায় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক ও বার্তাসম্পাদকরা এতে অংশ নেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।




























