সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, জামায়াত আমিরের আলটিমেটাম
- আপডেট সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দিয়ে আটকে দেয়।
পুলিশের বাধার মুখে সচিবালয়ের সামনেই এক সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির। তিনি জোর দিয়ে বলেন, তারা কাউকে অসম্মান করতে আসেননি, বরং জনগণের দাবি নিয়ে এসেছেন। শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছেন।
বক্তব্যে জামায়াত আমির সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে এসে তাদের দাবি বা স্মারকলিপি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই।” এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হয় তবে তাদের ধন্যবাদ জানানো হবে, কিন্তু ব্যর্থ হলে আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।
সরকারের প্রতিনিধির হাতে সম্মানের সঙ্গে দাবি তুলে দিতে সেখানে ১০ মিনিট অপেক্ষা করার ঘোষণা দেন জামায়াত আমির। তিনি জানান, এই সময়ের মধ্যে কেউ না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তাদের অনুরোধেই তারা আপাতত সেখানে থেমেছেন এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের বক্তব্য পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। উল্লেখ্য, এই কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা অংশ নেন।




























