বাংলাদেশে আর ফেরা হবে না, শঙ্কা তসলিমা নাসরিনের
- আপডেট সময় : ১২:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও কলকাতায় ফিরে এসেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি গত বুধবার দুপুরে পাঁচদিনের সফরে কলকাতায় পৌঁছান। এই সফরে তিনি দুটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, বারবার কলকাতায় ফিরে আসতে চান। তার নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার মহাজাতি সদনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইলেকট্রনিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তসলিমা নাসরিন তার নিজ দেশে ফেরা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, 'ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। বাংলাদেশে আমি আর ফিরতে পারব না, সেটা মেনে নিয়েছি। আমি কেন, আমার মৃত্যুর পর ওরা আমার লাশও হয়ত ফেরাতে দেবে না।'
একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ওই অনুষ্ঠানে তাকে ‘উমা’ সম্মান প্রদান করা হয়। মহাজাতি সদনের মঞ্চে তসলিমা নাসরিন তার ‘শিকল ভাঙার গল্প’ তুলে ধরেন। অনুষ্ঠানে তার কবিতা পাঠ এবং বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং বিশিষ্ট জাদুকর পিসি সরকার জুনিয়র। আগামী ১২ তারিখ পর্যন্ত তসলিমা নাসরিনের কলকাতায় থাকার কথা রয়েছে। তিনি জানিয়েছেন, এবার পুজোয় তিনি থাকছেন না, তবে কলকাতার দুর্গাপূজাকে তিনি বেশ উপভোগ করেন।



























